ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করছে সৌদি আরব। একাধিক আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো থেকে হুথিদের হটিয়ে দিতে সব ফ্রন্টে একযোগে এ নতুন অভিযান শুরু হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, সৌদি পরিচালিত ইয়েমেনের স্থল বাহিনী অভিযানে নেতৃত্ব দেবে এবং সৌদি বিমানবাহিনী তাদের আকাশপথে সহযোগিতা জোগাবে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে এবং কিছু আরব ও ইউরোপীয় দেশ রক্ষণাত্মক সামরিক সহায়তা দিচ্ছে, তবে কোনো মিত্র দেশ সরাসরি অভিযানে অংশ নেবে না।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কার্যকর থাকলেও সম্প্রতি সৌদি বাহিনী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে উত্তেজনা তৈরি হয়। জবাবে হুথিরা অবরোধ তুলে নেওয়ার দাবিতে সৌদির জাহাজে হামলা চালায় এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করে নেয়। সূত্র জানায়, সৌদির নতুন এ হামলার মূল লক্ষ্য হবে লোহিত সাগরের এসব দখলকৃত এলাকা থেকে হুথি যোদ্ধাদের পুনরায় হটিয়ে দেওয়া।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!