বাজারে মাল্টা ও খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার সচিবালয়ে ফল সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন। একই সঙ্গে খেজুরের শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
সভায় খুচরা বাজারে প্রতি কেজি মাল্টা ৫২০ টাকায় বিক্রির বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি ব্যয় ও শুল্ক বিবেচনার পরও এই দাম অস্বাভাবিক। অসাধু উপায়ে অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। জবাবে ব্যবসায়ীরা জানান, উচ্চ শুল্ক ও জাহাজ-বন্দর জটিলতার কারণে সরবরাহ কমে যাওয়াতেই দাম বেড়েছে; বর্তমানে চাহিদা অনুযায়ী দৈনিক ১৫ কনটেইনারের জায়গায় সপ্তাহে আসছে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা। মন্ত্রী এই শুল্কসংক্রান্ত বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।
আসন্ন চাহিদা বিবেচনায় ব্যবসায়ীদের এখন থেকেই খেজুর আমদানির প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়। শুল্কায়ন মূল্য জটিলতা নিরসনে ট্যারিফ কমিশন ও এনবিআর আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে একটি যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণ করবে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, এনবিআরের প্রতিনিধি এবং ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!