অতীতের গ্লানি ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্যমে দেশের পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রথমবারের মতো ১৬টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দেওয়া হচ্ছে, যা এ খাতের উদ্যোক্তা ও কর্মীদের স্বীকৃতি দেবে। তিনি বলেন, 'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের পর্যটনকে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে। সরকারের লক্ষ্য হলো জিডিপিতে পর্যটনের অবদান বিদ্যমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬-৭ শতাংশে উন্নীত করা।

এছাড়া ১৮০ দিনের কর্মপরিকল্পনায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণ, কক্সবাজারকে আঞ্চলিক হাবে রূপান্তর এবং পিপিপি মডেলে ১,৪৯৮টি পর্যটনকেন্দ্র উন্নয়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সাংস্কৃতিক পর্যটন বিকাশে ৫৫৪টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কাজ চলছে। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগবান্ধব 'জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬' প্রণয়ন করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।