পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষে ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরও মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা পর্যন্ত প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি। এর ফলে কাস্টমস বিল্ডিং ও ক্যান্টিনে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দেওয়ায় প্রচণ্ড গরমে কর্মরত শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, আগুনে সার্ভার রুমের মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এদিকে সার্ভার রুমে আগুন ও দীর্ঘ সময় সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ তথ্য ও প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প পরিচালক ড. কবির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।