গাজীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো— ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ইউসুফ (৯) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে জুনাইদ (৯)। তারা দুজনেই স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের পরিবার মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করত।
প্রতিবেশীরা জানান, বাবা-মা কাজে যাওয়ার পর ইউসুফ ও জুনাইদ স্কুল থেকে বাসায় ফিরে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে ইউসুফের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্টেশন থেকে একটি ইউনিট পাঠানো হয়। পরবর্তীতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুরে তল্লাশি চালিয়ে পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!