ঠাকুরগাঁও জেলায় অমানবিক ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটে চলেছে। মাত্র তিনদিনের ব্যবধানে জেলায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১ অক্টোবর সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীর সেতুর পাশে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই সময় একটি কুকুর নবজাতকের দেহটি টেনে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছিল।
পরে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, "মা যদি সময়মতো বিষয়টি দেখতে না পেতেন, তবে কুকুরটি নবজাতকের দেহটি সম্পূর্ণ ছিঁড়ে খেয়ে ফেলত। এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পেছনের একটি ময়লার ড্রেন থেকে অপর একটি অপরিণত শিশুর (ভ্রূণ) মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!