বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গাজীপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আওয়ামী লীগবিরোধী নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সাথী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত গাজীপুরের রাজপথে বরদাশত করা হবে না। দেশ ও জনগণের স্বার্থে স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে যেকোনো ষড়যন্ত্রের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
সমাবেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল এবং এর অধীনস্থ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!