রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে বারিউল ইসলাম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর ডিঙাডোবা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বারিউল ওই এলাকার বধিরুজ্জামানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একদল লোক বারিউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।