দেশে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিরোধী দলকে সরকারের অংশ উল্লেখ করে তিনি অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, "মিথ্যা বার্তা ছড়ানো থেকে বিরত থেকে দেশ ও জনগণের স্বার্থে সরকারের পাশে দাঁড়াতে হবে। লংমার্চ না করে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে অংশ নেওয়া উচিত।"

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মধুপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মধুপুর শাখা শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার (জিরো টলারেন্স) নীতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থান নিতে হবে, এ বিষয়ে কোনো আপস করা হবে না। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে সব ধরনের কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

দেশের চলমান সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণকে বর্তমান দুরবস্থা থেকে পরিত্রাণ দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও বর্তমানে জ্বালানি সংকট রয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। এ সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ, দ্রুতই এ সংকট কেটে যাবে।"

পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে ফকির মাহবুব আনাম বলেন, "আগের সরকার দেশকে একটি ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। কোথাও স্বচ্ছতা ছিল না। বর্তমান মেয়াদে ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে আমি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির স্পষ্ট চিত্র পেয়েছি।"

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সম্পাদক শামীম আল মামুন জুয়েল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।