মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য বাবুল শেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে।
চলমান পাঠদান বন্ধ করে কোমলমতি ছাত্রীদের ক্লাসরুমে দাঁড় করিয়ে নিজের ব্যক্তিগত বক্তব্য দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত অভিভাবক সদস্য বাবুল শেখ নিজ ক্ষমতার অপব্যবহার করে শ্রেণি কার্যক্রম চলাকালে পাঠদান বন্ধ করে দেন। এরপর তিনি ছাত্রীদের ক্লাসে দাঁড় করিয়ে রেখে নিজের ব্যক্তিগত বক্তব্য প্রদান করেন এবং সেটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি, অবৈধ এবং প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলে মন্তব্য করছেন সচেতন মহল।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও স্থানীয় অধিবাসীদের মনে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। একজন অভিভাবক সদস্য কীভাবে শিক্ষকদের অনুমতি কিংবা তোয়াক্কা না করে ক্লাস বন্ধ করে ছাত্রীদের ওপর এভাবে নিজের বক্তব্য চাপিয়ে দিতে পারেন এবং তা ধারণ করতে পারেন—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষার্থীদের নিরাপদ ও পবিত্র স্থান। সেখানে এ ধরনের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড শিক্ষার স্বাভাবিক পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। কোমলমতি ছাত্রীদের এভাবে ক্লাসে দাঁড় করিয়ে রেখে ভিডিও ধারণ ও প্রচার করা তাদের জন্য মানসিকভাবে হেনস্তাকর এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ ঘটনার পর এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত বাবুল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাশাপাশি, ভবিষ্যতে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!