ইরানের সঙ্গে চলমান বা সম্ভাব্য সংঘাত শেষে দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার আয়ারল্যান্ডে একটি গলফ টুর্নামেন্ট উদ্বোধনের সময় তিনি জানান, ভেনেজুয়েলার মডেল অনুসরণ করে ইরানের তেল খাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হতে পারে অথবা মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা যদি ভেনেজুয়েলার মতো ইরানের তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত না নিই, তবে বেরিয়ে আসব; আর রাখলে সেখানে আমাদের উপস্থিতি বজায় থাকবে।” একই সঙ্গে ইরানের আশপাশে মার্কিন সামরিক পাহারা অব্যাহত রাখারও ইঙ্গিত দেন তিনি।
এর আগে গত ডিসেম্বরে সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর ৮ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটির তেল উত্তোলন ও বিক্রয়ব্যবস্থাপনা অনির্দিষ্টকালের জন্য মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন। ভেনেজুয়েলার তেল বিক্রির আয় মার্কিন নিয়ন্ত্রাধীন অ্যাকাউন্টে জমা রাখার সেই দীর্ঘমেয়াদী নীতিই এবার ইরানের ক্ষেত্রে প্রয়োগের ইঙ্গিত দিলেন ট্রাম্প।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!