রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডিবি-মতিঝিল বিভাগের আভিযানিক দল মোছা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিমকে (৫৪) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!