টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারির ৩৯৫ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল থেকে মেহেদী হাসান বকুলের পাঠানো তথ্যে বিস্তারিত—
গতরাতে মধুপুরের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের জলছত্র বাজার এলাকা থেকে সারভর্তি ট্রাকটি আটক করা হয়।
আটককৃত ট্রাকচালক ফরহাদ হোসেন পাবনার আটঘড়িয়া উপজেলার খিদিরপুর গ্রামের সিরাজুদ্দৌলার ছেলে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ময়মনসিংহের শম্ভুগঞ্জ বিএডিসির ডিপো থেকে মুক্তাগাছার মেসার্স মেজবাহ এন্টারপ্রাইজ ও মা বাবার এন্টারপ্রাইজের নামে বরাদ্দকৃত সারগুলো কালোবাজারির উদ্দেশ্যে মধুপুরে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহজনকভাবে ট্রাকটি দাঁড় করিয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ১২৭ বস্তা টিএসপি এবং ২৬৮ বস্তা এমওপিসহ মোট ৩৯৫ বস্তা সার ও ট্রাকটি থানায় নিয়ে আসে। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৯ হাজার টাকা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটক চালককে আদালতে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে তদন্ত চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!