টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম এমপি।

এ সময় বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, অধ্যক্ষ আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন, খুররম খান ইউসুফজি প্রিন্সসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।