বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান তীব্র সংকটের জন্য বিগত ফ্যাসিবাদী সরকারের গোপন চুক্তি, দুর্নীতি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে দায়ী করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
তিনি বলেন, বিগত সরকার দেশের প্রাকৃতিক সম্পদ ও গ্যাস পাচার করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার খেসারত আজ দেশবাসীকে দিতে হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৭ বছর ধরে জোর করে ক্ষমতায় থেকে বিগত সরকার ছাত্রসমাজ, রাজনৈতিক প্রতিপক্ষ ও ব্যবসায়ী সমাজকে পঙ্গু করার পাশাপাশি পুরো অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেন জয়নুল আবেদীন। বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা চক্রান্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট ভিশন ও রোডম্যাপ অনুযায়ী দেশ পুনর্গঠনের কাজ চলছে এবং বাজেট পাসের আগেই মাত্র ১৮০ দিনের স্বল্পমেয়াদি উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি উপজেলা সদরে একটি করে মানসম্মত কলেজ সরকারি করা হবে বলেও জানান তিনি।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. আঃ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!