আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হলেও সংগঠনটির নিয়মিত কার্যক্রমে কোনো বাধা নেই।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের ১৬ আগস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে এই অবস্থান স্পষ্ট করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, মন্ত্রণালয়ের ৩০ জুলাইয়ের ১৫৪ নম্বর স্মারকমূলে রিহ্যাবের এজিএম ৩০ দিনের জন্য স্থগিত করা হলেও এর মাধ্যমে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। ফলে এজিএম ছাড়া রিহ্যাবের অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম আগের মতোই স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এই স্পষ্টীকরণকে স্বাগত জানিয়ে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেছেন, এর ফলে রিহ্যাবের কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সব বিভ্রান্তির অবসান হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আবাসন খাতের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় রিহ্যাবের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।