গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ফটকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে আদালতের উদ্দেশে আসামিদের পাঠানোর সময় এই ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) এবং হারুন অর রশিদ (৩৪)।
পুলিশ জানায়, রবিবার দুপুরে প্রতিদিনের ন্যায় মামলার আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু নারী ও পুরুষ অনুসারী থানা ফটকের সামনে জড়ো হন। তাঁরা থানা ফটক ও বাইরে ‘জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে তিন নারীসহ মোট পাঁচজনকে আটক করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!