পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুক্রবার বাদ জুমা এক বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন আনন্দ মিছিল বের করা হয়।

নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আল আহমাদী-এর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামুত ত্বরিকত হযরত শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ)-এর দৌহিত্র, বিশিষ্ট লেখক ও গবেষক শায়খ মোঃ মাসুক আল আহমাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদায়ে ইসলামের সদস্য শায়খ মোহাম্মদ মীর মুদ্দাসসির আল আহমাদী।

মিছিলটি দক্ষিণ আউচপাড়া নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুরু হয়ে চেরাগ আলী এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সুরতরঙ্গ রোড হয়ে পুনরায় বেপারী বাড়ী মসজিদে এসে শেষ হয়। পরে দরুদ, মিলাদ ও কিয়ামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বর্ণিল এ আনন্দ মিছিলে আখেরী নবী হযরত মুহাম্মদ ﷺ-এর শানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জাতীয় পতাকার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বিভিন্ন বাণী সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। আরবি হরফে কালেমা লেখা পতাকা ও নানা সাজসজ্জায় মিছিলটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর শান, মান, রহমত ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নবীপ্রেম, মানবতা, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সহযোগিতায় উপস্থিত ছিলেন অত্র মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান বেপারী, অর্থ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান, সেক্রেটারি আলহাজ্ব শামীম বেপারী চিশতি এবং নেদায়ে ইসলামের সেবক কালিমুল্লাহ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় আবেগের এক অপূর্ব পরিবেশ বিরাজ করে।