পলাতক শেখ হাসিনা বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ। ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এই কড়া বার্তা দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনার একপর্যায়ে আগামী ৫ আগস্ট পলাতক শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য রাখার সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিষয়টি সামনে আসে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনারকে স্পষ্টভাবে জানান, পলাতক শেখ হাসিনাসহ নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগমিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

জবাবে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়ে জানান যে, তিনি এ বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেবেন এবং সচেষ্ট থাকবেন।

বৈঠকে উভয় পক্ষই নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর জোর দেন এবং পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই সব সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব বলে মত প্রকাশ করেন।