রাজধানীর উত্তরখান থানাধীন উজামপুর এলাকার 'সফিকুল ইসলামিয়া সাবিকুন নাহার উলুম মাদ্রাসা ও এতিমখানা'র এক শিক্ষার্থীকে মারধর ও বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোঃ আবু জাফর (৪৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী ওই কিশোর উক্ত মাদ্রাসার হিফজ শাখার ছাত্র। গত ৭ জুলাই (২০২৬) বিকেলে প্রতিষ্ঠানের শিক্ষক অভিযুক্ত আবু জাফর কৌশলে ওই শিক্ষার্থীর বড় ভাই (যিনি নিজেও উক্ত মাদ্রাসার শিক্ষক) ইব্রাহিম ওরফে আকাশকে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে মাদ্রাসায় অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী না থাকার সুযোগে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি ওই ছাত্রকে অমানুষিক মারধর ও বলাৎকার করেন।
ঘটনার পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মারাত্মক ভয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা বিষয়টি ধামাচাপা দিতে পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছিল। স্থানীয়ভাবে সালিশি আলোচনার চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তারা আইনগত ব্যবস্থার দ্বারস্থ হন।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আবু জাফর এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, "ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আমরা ঘটনাটি তদন্ত করে সত্যতা পাই। ঘটনার পর আসামি এলাকা ছেড়ে পালিয়ে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।"
এ বিষয়ে বক্তব্য জানতে 'সফিকুল ইসলামিয়া সাবিকুন নাহার উলুম মাদ্রাসা ও এতিমখানা' কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ কথা বলতে রাজি হননি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!