বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা জাতীয় ঐক্য নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জনগণ দেশের পরাজিত শক্তিকে কখনো মাথা তুলতে দেবে না। জাতীয় ঐক্যকে বিভক্ত হতে দেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে মুন্সী মেহেরউল্লাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত বাংলাদেশ গড়তে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক—এটি অনেক শক্তি মেনে নিতে পারেনি। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বর্তমানে ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা একসঙ্গে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। দেশের স্বার্থে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মাধ্যমে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা কৃষক দলের সদস্যসচিব শিকদার সালাউদ্দীন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

আলোচনা ও সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও নগর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।