বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা (১৩) নামের এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে এবং মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবার মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করত।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে হাবিবাকে গলায় ওড়না বা রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে।