নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুদাসপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন এবং দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমাস উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।