চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয় ঘেরাও করে অভিযান চালিয়েছে নগর পুলিশ। তবে প্রায় এক ঘণ্টা ধরে ভবনটি ঘিরে রাখলেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ সময় সেখানে চরম হট্টগোল ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের টাইগারপাস এলাকায় অবস্থিত চসিক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, একাধিক গুরুতর মামলার আসামি ওয়াকিল হোসেন বগা চসিক কার্যালয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় খুলশী থানা-পুলিশ। সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ ও খুলশী জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে সশরীরে উপস্থিত ছিলেন।

তবে অভিযানকালে পুলিশ সদস্যরা চসিক ভবনের ভেতরে প্রবেশ না করে প্রধান ফটকের সামনেই অবস্থান গ্রহণ করেন।

এদিকে চসিক কার্যালয়ের সামনে পুলিশি অবস্থানের খবর ছড়িয়ে পড়লে সেখানে বগার অনুসারী ও স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মী জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়লে এলাকাটিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতির মধ্যে রাত ১০টার দিকে বগাকে না পেয়েই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।

অভিযানের বিষয়ে বক্তব্য জানতে মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ ও উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওয়াকিল হোসেন ওরফে বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সিএমপির খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে খুলশীর ওয়্যারলেস এলাকায় বগাকে ধরতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। সে সময় ঘরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান বগা। ওই হামলায় খুলশী থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

সম্প্রতি খুলশীতে কিশোর হৃদয় হত্যাকাণ্ডে জড়িত ‘সেভেন স্টার’ নামক এক কিশোর গ্যাং পরিচালনায় বগা ও তার ভাইয়ের নাম উঠে আসে। গত ৪ অক্টোবর বগার তিন সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।