রাজধানীর শেরেবাংলা নগরের গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যান সিগন্যাল এলাকায় পুলিশ পরিচয়ে এক সৌদি প্রবাসীর ৬ বছরের উপার্জনের বড় অংশ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটের দিকে ঘটে যাওয়া এই ঘটনায় প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার ও ৪,৭০০ সৌদি রিয়াল লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

ভুক্তভোগী প্রবাসীর নাম ওমার ফারুক (৩০)। তার বাড়ি কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামে; তিনি দুদু মিয়ার ছোট ছেলে। ২০২০ সালের মার্চে ফ্রি ভিসায় সৌদি আরবে গিয়ে একটি কোম্পানির ইস্যু ফ্যাক্টরিতে কাজ শুরু করেছিলেন ওমার। দীর্ঘ সাড়ে ছয় বছর প্রবাসে কাটিয়ে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওমার ফারুক। তাকে নিতে বিমানবন্দরে এসেছিলেন তার বাবা দুদু মিয়া এবং দুই চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়া। রাতে ছিনতাইয়ের ঝুঁকিতে না গিয়ে তারা ভোর পর্যন্ত বিমানবন্দরেই অপেক্ষা করেন।

ভোর পৌনে ৫টার দিকে তারা একটি প্রাইভেটকারে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর ৫টা ৬ মিনিটের দিকে কারটি গণভবনসংলগ্ন জিয়া উদ্যানের সিগন্যাল পার হয়ে ইউটার্ন নেওয়ার সময় একটি হায়েস গাড়ি এসে তাদের পথরোধ করে। হায়েস গাড়ি থেকে ৪-৫ জন লোক নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয় এবং গাড়িতে ‘অবৈধ মালামাল’ থাকার অজুহাতে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে তারা গাড়ির চাবি কেড়ে নেয় এবং দেড় মিনিটের মধ্যে ওমারের কাছে থাকা ৪,৭০০ সৌদি রিয়াল ও ৮৮ গ্রাম স্বর্ণ হাতিয়ে নেয়। ছিনতাইকারীদের একজনের হাতে ছুরি এবং অন্যজনের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত লাইট স্টিক ছিল বলে ভুক্তভোগী জানান। যাওয়ার সময় তারা প্রবাসীকে ভয় দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর দুপুরে ভুক্তভোগী পরিবার শেরেবাংলা নগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা না নিয়ে অভিযোগ গ্রহণ করেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মামলা প্রক্রিয়া করা হবে।

প্রবাসে রক্ত পানি করা উপার্জনের সবকিছু হারিয়ে চরম মানসিক ট্রমার মধ্যে পড়েছেন ওমার ফারুক। ঘটনার খবর শুনে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন তার মা। প্রবাসীর পরিবার থেকে খোয়া যাওয়া রিয়াল ও স্বর্ণালংকার উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আকুল আবেদন জানানো হয়েছে।