ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিধানসভায় অঞ্চলটির পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিতে একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ উত্থাপিত এ প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

প্রস্তাবে জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা অবিলম্বে পুনর্বহালের জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ওমর আব্দুল্লাহ বলেন, রাজ্যের মর্যাদা ফিরে পাওয়া এই অঞ্চলের মানুষের অধিকার। তবে এই প্রস্তাবের সাংবিধানিক বাধ্যবাধকতা নেই।

অন্যদিকে, ভোটাভুটির আগেই প্রস্তাবটিকে 'অসাংবিধানিক' ও 'রাষ্ট্রবিরোধী' আখ্যা দিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ও রাজ্যের পদমর্যাদা রদ করে কেন্দ্রীয় শাসন জারি করা হয়েছিল। ২০২৪ সালে নির্বাচনের মাধ্যমে ওমর আব্দুল্লাহর নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় এলেও স্থানীয় সরকারের ক্ষমতা সীমিত এবং অঞ্চলটি প্রধানত দিল্লির নিযুক্ত উপরাজ্যপালের মাধ্যমে পরিচালিত হচ্ছে।