জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহাখালী কলেরা হাসপাতালের সামনে (রেলগেট এলাকা) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কলেরা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাবিস্কো এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিগত ছয় মাসের মধ্যে সরকার তিনবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক চাপ তৈরি হয়েছে। পাম্পে জ্বালানি সংকট তৈরি করে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, জ্বালানি সংকটের প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিসহ কলকারখানা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া বিশেষজ্ঞ সহযোগিতার প্রস্তাবও সরকার আমলে নেয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও দুর্নীতি দমনে ব্যর্থতার সমালোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে অবিলম্বে তেল, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান এবং ব্যর্থ হলে সরকারকে দায়িত্ব ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ইয়াসিন আরাফাত। এছাড়াও আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ ও নাসির উদ্দীনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপণ্যের দাম কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!