দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আবুনুর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা ও যুগ্ম সাধারণ সম্পাদক কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। একই সাথে এলাকায় শান্তিময় ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।