সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত 'চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬'-এর প্রজ্ঞাপন জারি করা হলেও তাতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। ফলে সরকারি বেতন স্কেলের সাথে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা কীভাবে ও কবে নাগাদ সমন্বয় করা হবে, তা নিয়ে নতুন করে সংশয় ও ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদিত হয়েছিল।
তবে প্রজ্ঞাপনে দেশের প্রায় ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর নতুন স্কেল সুবিধা পাওয়ার বিষয়টিতে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় তারা চরম উদ্বিগ্ন। শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের কাছ থেকে মূল বেতনের শতভাগ পেয়ে থাকেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!