ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ মামুন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় পুলিশের একটি বিশেষ চেকপোস্ট চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ায় মমিনুর রশিদকে থামানো হয়। সে সময় গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে অস্বীকৃতি ও অসৌজন্যমূলক আচরণ করায় তাঁর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়।
পরবর্তীতে তিনি পুনরায় ঘটনাস্থলে ফিরে এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের গালিগালাজ করেন এবং এক কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিনি সাব-ইনস্পেক্টর (এসআই) মো. শামিম আলমকে ধাক্কা দিলে ওই পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ঘটনার পর এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মমিনুর রশিদকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!