বহু ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ ও সুযোগকে টিকিয়ে রাখা এবং দেশকে পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দীর্ঘ লড়াইয়ের পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এই সরকার দেশকে ভগ্নস্তূপ থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। তিনি নিজেকে ও বাংলাদেশের গণতন্ত্রপন্থীদের ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে বলেন, ধ্বংসস্তূপ থেকে বারবার ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়াই তাদের স্বভাব।
গণতন্ত্র রক্ষায় সরকারি ও বিরোধী দলের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যান্য বিষয়ে দ্বিমত থাকতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে সংসদকে কার্যকর রাখা এবং গণতান্ত্রিক অবস্থাকে টিকিয়ে রাখাই হবে সবার প্রধান দায়িত্ব। অতীতে গণতন্ত্রের জন্য লড়াই হলেও আগামীদিনের লড়াই হবে দেশ পুনর্গঠন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য আবাস নির্মাণ করার। অতীতের মতো এই সুযোগ যেন অবহেলায় হাতছাড়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যরা অত্যন্ত যোগ্য এবং তাদের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাগুলো দ্রুত পূরণ হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!