শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় ব্যবসা-বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাত্কালে ব্রিটিশ হাইকমিশনার রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি রাজাকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।
এ সময় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, কমনওয়েলথ শিক্ষাবৃত্তি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। পাশাপাশি গণতন্ত্র ও সংসদীয় অভিজ্ঞতা বিনিময় নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে তাঁর আলোচনা হয়।
ব্রিটিশ হাইকমিশনার জানান, এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। এছাড়া ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস নির্ভুল করা ও কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়ে উভয়পক্ষ আলোচনা করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার, উন্নয়ন পরিচালকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!