ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের সম্মানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরামিষ নৈশভোজ আয়োজন ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আমন্ত্রিত অতিথিদের সম্পূর্ণ নিরামিষ পদ দিয়ে আপ্যায়ন করায় সারা বিশ্বে নিরামিষাশী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
শনিবারের নৈশভোজে খুম্ব গালাওটি (মাশরুম কাবাব), পনির লাবাবদার, মিলেট পোলাও ও জিলাপিসহ ১০টির বেশি পদ থাকলেও সবকটিই ছিল নিরামিষ। এই আয়োজনের সমালোচনা করে এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, ভারতের ৮০ শতাংশ মানুষ আমিষভোজী এবং আমিষ পদ অত্যন্ত সুস্বাদু। দলের মুখপাত্র পবন খেরা সহকর্মীসহ বিশ্ব অতিথিদের ওপর পছন্দ চাপানোর সংস্কৃতিকে সমস্যা হিসেবে উল্লেখ করেন। এছাড়া ওয়ারিস পাঠান আমিষ পদ বাদ দিয়ে ভারতের খাদ্যসংস্কৃতির বৈচিত্র্য মুছে ফেলার অভিযোগ তোলেন।
অন্যদিকে পাল্টা জবাবে বিজেপি বলছে, কূটনৈতিক সাফল্য ও ঐকমত্য অর্জনে ব্যর্থ হয়ে বিরোধীরা আন্তর্জাতিক আয়োজনকে হালকা করতে খাবার নিয়ে রাজনীতি করছে। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব দেখে মন খারাপ থেকেই কংগ্রেস এমন সমালোচনা করছে বলে দাবি শাসকদলের।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!