জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই সফর সফল ও ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জ্যাকসন হাইটসে আয়োজিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক সাইফুর খান হারুন এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম দীপু।
সভার সঞ্চালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সহ-সম্পাদক খোরশেদ আলম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য নূর আলম।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে আসছেন। তাঁর এই সফর যেন সম্পূর্ণ নিরাপদ ও সফল হয়, সেজন্য যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!