টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার টেকিপাড়া থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় টেকিপাড়া হাফিজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বোয়ালী এলাকার শুক্কুর আলীর ছেলে হাফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে টেকিপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন। সেখানে তিনি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, একাধিকবার সতর্ক করার পরও মাদক বিক্রির অভিযোগ অব্যাহত থাকায় শুক্রবার বিকেলে এলাকাবাসী ও যুবদলের নেতৃবৃন্দ হাফিজ উদ্দিনের বাড়িতে যান। সেখানে ঘরের ভেতর থেকে ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা ট্যাবলেটগুলো জনগনের সামনে গণনা করে ৪ হাজার পিস ইয়াবা পায় বলে পুলিশ জানিয়েছে।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয় এলাকাবাসীরা হাফিজ উদ্দিনের বাড়িতে গিয়ে ইয়াবা উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো গণনা করে ৪ হাজার পিস ইয়াবা পায়। এ ঘটনায় হাফিজ উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!