দক্ষিণ এশিয়ার জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো আন্তঃসীমান্ত সংকট কোনো একক দেশের বিচ্ছিন্ন উদ্যোগে মোকাবিলা করা সম্ভব নয়।
রোববার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান পার্লামেন্টারি ডায়ালগ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। দুই দিনের এই উচ্চপর্যায়ের সংসদীয় সংলাপে অংশ নিতে থিম্পুতে অবস্থানকালে তিনি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই সময় ভুটানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সাংয়ে খান্ডুও উপস্থিত ছিলেন।
সংলাপে সাঈদ আল নোমান বলেন, জলবায়ু সংকট কোনো সীমান্ত মানে না, তাই এর সমাধানও সীমান্তে আটকে থাকা উচিত নয়। দক্ষিণ এশিয়া ক্রমেই অভিন্ন ও বহুমাত্রিক জলবায়ু ঝুঁকির মুখোমুখি হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ভয়াবহ বন্যা, ভূমিধস, দীর্ঘস্থায়ী খরা, পরিবেশের অবক্ষয় এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ওপর বাড়তে থাকা চাপ পুরো অঞ্চলকে প্রভাবিত করছে। এসব সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন জাতীয় কৌশলের পরিবর্তে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
দুই দিনের এই সংলাপে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান পার্লামেন্টারিয়ানস ফোরামের (এসএআরপিএফ) চেয়ারম্যান ড. সঞ্জয় জয়সওয়াল। আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন সংসদ সদস্য জাহারাত আদিব চৌধুরী, ভুটানের পরিবেশবিষয়ক মন্ত্রী লিয়নপো ইয়ুনতেন ফুনশোসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা। অংশগ্রহণকারীরা দুর্যোগের পর ক্ষয়ক্ষতি মোকাবিলার মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন থেকেই দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতায় বিনিয়োগের তাগিদ দেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!