রাজধানীর দক্ষিণখান এলাকায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি দক্ষিণখানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর উত্তরা বিভাগের নির্দেশনায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্য এবং ১৬৩ পিস ইয়াবাসহ আরও দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাতজন হলেন মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), মো. রাহিম সিকদার (২২), গোলাম রহমান (৩০), মেহেরাজ হাসান অন্তর (২০) এবং শাকিল আহম্মেদ হৃদয় (২৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!