দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত গাজীপুরের টঙ্গীর ‘হাজার মাজার বস্তি’ সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই সাঁড়াশি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ কার্যক্রমে পে-লোডার ও এস্কেভেটরসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উচ্ছেদস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা যায়, হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় মাদক বিক্রির হটস্পট এবং দেশীয় অস্ত্রধারীদের অপরাধের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালালেও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ দমন করা সম্ভব হয়নি। অবশেষে জায়গাটি রাজউকের নিজস্ব মালিকানাধীন হওয়ায় উচ্ছেদ অভিযਾਨের মাধ্যমে অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানাগুলো সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন জানান, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গী এলাকাকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

রাজউক কর্মকর্তা মো. লিটন সরকার বলেন, রাজউকের একটি প্লট দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে ছিল। আজকে প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্লটটি বুঝে নেওয়া হয়েছে। মুক্ত করা এই জমিতে পুনরায় যেন কোনো অবৈধ দখল বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি বজায় রাখা হবে।