ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ওই এলাকার কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং দ্রুত মেরামত করে তা চালুর চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করা যায়নি।