গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষণা অনুযায়ী দেশব্যাপী ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘লংমার্চ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে জানানো হয়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে চারটি লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো হলো: ৫ সেপ্টেম্বর: ঢাকা-চট্টগ্রাম লংমার্চ (সড়কপথ), ১৯ সেপ্টেম্বর: ঢাকা-রংপুর লংমার্চ (সড়কপথ), ১০ অক্টোবর: ঢাকা-খুলনা লংমার্চ (সড়কপথ), ২৪ অক্টোবর: ঢাকা-সিলেট লংমার্চ (রেলপথ), ১৪ নভেম্বর: লংমার্চ কর্মসূচি সমাপ্তির পর ঢাকায় চূড়ান্ত মহাসমাবেশ।
বৈঠকে লংমার্চগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন এবং সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি লংমার্চ কর্মসূচিগুলো সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

এ সময় বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন— সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন; ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, খুলনা অঞ্চলের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ অন্যান্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা।