গাইবান্ধার সুন্দরগঞ্জে জীবনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এক বৃদ্ধ কৃষক। দীর্ঘদিনের জমানো প্রায় ২ লাখ টাকা ইঁদুর ও উইপোকার আক্রমণে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে তার পরিবার।
গত শুক্রবার (৭ আগস্ট) ঘটনাটি জানাজানি হয় এবং শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। ক্ষতিগ্রস্ত কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া (৭০) উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি ঢাকায় রিকশা চালিয়ে সামান্য আয়ের মধ্য থেকে ধীরে ধীরে এই অর্থ জমিয়েছিলেন তোফাজ্জল হোসেন। গত শুক্রবার নতুন কিছু টাকা আলমারিতে রাখতে গিয়ে তিনি দেখেন, কাঠের আলমারিতে রাখা তার সঞ্চিত সব টাকা ইঁদুর ও উইপোকা কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তিন মেয়ে ও স্ত্রীর ভবিষ্যৎ এবং জমি বন্ধক রাখার জমানো এই অর্থ হারিয়ে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব। হঠাৎ সব হারিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ছোবেদ আলী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অসহায় ও গরিব এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!