বাংলাদেশে ভারতীয় ভিসা ও বিভিন্ন কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষকে কঠোর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের ফাঁদ থেকে বাঁচতে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা ও লোভনীয় প্রতিশ্রুতি দিচ্ছে।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে কারো সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন বা অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন সম্পূর্ণভাবে নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হয়ে থাকে।
জনসাধারণের প্রতি হাইকমিশনের পরামর্শ: এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। নিজের ব্যক্তিগত বা কোনো ধরনের আর্থিক তথ্য অন্য কারো সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা মুখোমুখি হলে তাৎক্ষণিকভাবে তা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে অবহিত করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, প্রতারণার শিকার ব্যক্তিরা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, বার্তার স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ visa.dhaka@mea.gov.in ঠিকানায় ইমেইল করে জানাতে পারবেন। সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে সতর্ক থাকার পাশাপাশি সমাজের অন্যান্যের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!