রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ী এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির একটি দল সেখানে কাজ করতে যায়। এ সময় স্থানীয় একদল ব্যক্তি ওই কার্যক্রমে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্য এবং পরিচ্ছন্নতা কর্মীদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানিয়েছে, অত্যন্ত গুরুত্বের সাথে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলার অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুতই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, স্থানীয়দের একটি অংশের দাবি, এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে আগে থেকেই কিছু অভ্যন্তরীণ বিরোধ ও অসন্তোষ বিরাজ করছিল। মূলত সেই পুরোনো বিরোধের জের ধরেই আজকের এই আকস্মিক সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আমরা কয়েকজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে থানায় এখনো মামলা দায়ের হয়নি। মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!