গাজীপুর মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডের মারিয়ালি এলাকায় অবস্থিত গাজীপুর সদর রেজিস্ট্রি কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বদলি আদেশ অমান্য করে কাপাসিয়ার বদলে গাজীপুর সদরে আধিপত্য বিস্তার এবং বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে এসেছে এক্সট্রা মোহরার (নকলনবিশ) মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে সদর রেজিস্ট্রি কমপ্লেক্সে একচ্ছত্র প্রভাব খাটাতেন কিরণ। 'নো ওয়ার্ক, নো পেমেন্ট' ভিত্তিতে কাজ করা একজন নকলনবিশ যেখানে পাতা প্রতি ২৪ টাকা হিসেবে মাসে গড়ে ১৫ থেকে ২৫ হাজার টাকা আয় করেন, সেখানে মাত্র কয়েক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার সম্পদ, বাড়ি, গাড়ি ও ফ্ল্যাটের মালিক হয়েছেন তিনি।

সূত্র জানায়, সরকারি আদেশে কিরণকে কাপাসিয়া সাব-রেজিস্ট্রার অফিসে বদলি করা হলেও তিনি সেখানে নিয়মিত দায়িত্ব পালন না করে অবৈধভাবে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসেই কাজ চালিয়ে যাচ্ছেন। সদর অফিসের সেবা কেন্দ্রকে নিজস্ব ব্যক্তিগত কার্যালয়ের মতো ব্যবহার করে দলিল সম্পাদন, খাজনার রশিদ ছাড়া দলিল প্রস্তুত, সেল পারমিশন বহির্ভূত ফ্ল্যাট রেজিস্ট্রি এবং ফিস দাগানোর নামে অবৈধ অর্থ আদায় করছেন তিনি। এছাড়া সাব-রেজিস্ট্রি অফিসের গোপন তথ্য ফাঁসের মাধ্যমেও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মোসাব্বির আহমেদ কিরণ দাবি করেন, তিনি সপ্তাহে ৩ দিন কাপাসিয়ায় দায়িত্ব পালন করেন এবং বাসা কাছে হওয়ায় সদরে আসা-যাওয়া করেন। তবে কাপাসিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা জানান, কিরণ কাপাসিয়ায় নিয়মিত আসেন না; বরং মাসে দু-একবার এসে কেবল হাজিরা দিয়ে চলে যান।

এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অধিকতর তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।