কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ‘মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে’ এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামে এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশন এবং পরে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আগুন নেভানোর পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস বের হতে দেখা যায়। আহত ফায়ার কর্মী ফুয়াদকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী গ্যাস লাইনের লিকেজ বা কোনো কারিগরি ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।