নীলফামারীর সৈয়দপুরে লাল পতাকা টাঙিয়ে রেলওয়ের অফিসার্স কলোনির একটি ভবন দখলের চেষ্টা চালিয়েছেন রানা নামের স্থানীয় এক ব্যবসায়ী। রোববার সকালে শহরের পাঁচমাথা মোড় এলাকায় অফিসার্স কলোনির ১১০ নম্বর রেলওয়ে ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে কয়েকজন লোক লাল পতাকা টাঙিয়ে ভবনটির চারপাশে উঁচু টিন দিয়ে ঘেরা দেওয়া শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জটলা পাকান এবং রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান এবং ঘেরাওয়ের কাজে ব্যবহৃত টিন ও বিভিন্ন মালামাল জব্দ করেন।
তবে অভিযুক্ত ব্যবসায়ী রানা দাবি করেছেন, জমির বিপরীতে তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে এবং তিনি জমিটি রেলওয়ে থেকে লিজ নিয়েছেন। তাই নিরাপত্তার খাতিরে বেড়া দিচ্ছিলেন।
অন্যদিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ সাফ জানিয়ে দিয়েছেন, রেলওয়ের কোনো জমি কাউকে অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করেন, উক্ত ১১০ নম্বর ভবনটি রেলওয়ের কল্যাণ ট্রাস্টের নামে বরাদ্দ করা আছে, যেখানে একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।