সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের কাজ সেদিনই শেষ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি দ্রুত ও মানসম্মত নাগরিকসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার তাগিদ দেন।

জেলা প্রশাসক বলেন, সরকারি চেয়ারে বসার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আজকের কাজ ঝুলিয়ে রাখলে জনগণের প্রয়োজন পূরণ হয় না। বর্তমানে মানুষের সময়ের মূল্য অনেক বেশি, তাই একৃই কাজের জন্য সরকারি দপ্তরে বারবার ঘুরে ভোগান্তি পোহানোর সুযোগ নেই। জনগণের আস্থা ধরে রাখতে কর্মকর্তাদের প্রতিদিনের কাজ শেষে আত্মমূল্যায়ন করার পরম পরামর্শ দেন তিনি।

বক্তব্যে তিনি প্রযুক্তির আধুনিকায়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের বিষয়টিও তুলে ধরেন। চীন সফরের উদাহরণ দিয়ে তিনি বলেন, দ্রুত বদলে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলিয়ে নিজেদের চিন্তাভাবনা, দক্ষতা ও মূল্যবোধে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। এছাড়া সরকারের অগ্রাধিকারমূলক কাজ যেমন—খাল খনন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে শেষ করার ওপর গুরুত্ব দেন। একইসাথে সরকারি বরাদ্দের অর্থের অপচয় রোধ এবং নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রেখে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন তিনি।