ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির খাবার হিসেবে সরবরাহ করা ডিম খেয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের দ্রুত উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মিড-ডে মিলের খাবার পরিবেশন করা হয়, যার মধ্যে ডিমও অন্তর্ভুক্ত ছিল। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা একে একে পেটে ব্যথা, বমি, মাথা ঘোরার পাশাপাশি অনেকের শরীরে ফুসকুড়ি ও চুলকানির মতো উপসর্গ দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক মনে হলে শিক্ষক ও স্থানীয়রা তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ কয়েকজন শিক্ষার্থী জানায়, দুপুরের খাবার খাওয়ার পর থেকেই তাদের পেটব্যথা শুরু হয়। অনেকের মতে ডিমটিতে দুর্গন্ধও ছিল।

এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে স্থানীয় অভিভাবকরা জানান, সম্প্রতি এ অঞ্চলে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বারবার কেন এমন হচ্ছে, তা খতিয়ে দেখে এই নিম্নমানের খাবার সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহাদুজ্জামান সজীব জানান, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন ত্রুটির জন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা নমুনা পরীক্ষা ও পূর্ণাঙ্গ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।