পলাতক ফ্যাসিস্ট ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং দেশের ভেতরে থাকা গুপ্ত-সুপ্তরা তাতে ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের জনগণ যুগে যুগে সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যের জয় নিশ্চিত করেছে। বীরত্ব ও ঐতিহ্যের এই বাংলাদেশে মিথ্যার অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
সরকারের গৃহীত পদক্ষেপ ও অর্থনৈতিক সূচকের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সংকট থাকা সত্ত্বেও সরকার জনগণের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক মূল্যায়নেও তারেক রহমানের সরকারের অধীনে অর্থনীতি উন্নতির দিকে যাওয়ার ইতিবাচক আভাস ফুটে উঠেছে।
পূর্ববর্তী সরকারের আমলের খরচের তুলনা টেনে রিজভী বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড়শো-দুইশো জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘসহ বিদেশে সফরে যেতেন এবং লন্ডনে ও ফিনল্যান্ডে স্বজনদের সাথে সাক্ষাৎ আর পাচার করা অর্থের খোঁজখবর নিয়ে ফিরতেন। অথচ বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাশ্রয়ীভাবে মাত্র ৩৫ জনের সফরসঙ্গী নিয়ে পাঁচ-ছয় দিনের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরছেন।"
দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও অর্থ সাশ্রয়ে বর্তমান সরকার কতটা আন্তরিক, তা বিরোধী দলগুলোর সমালোচকদের চোখে পড়ে না বলেও তিনি মন্তব্য করেন।