যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে ‘কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সিটি করপোরেশন স্কুল মাঠে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের টঙ্গী পূর্ব থানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আসরে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানা পুলিশ দল অংশ নেয়। খেলা ঘিরে মাঠে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা। নির্ধারিত ৩০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৩-২৪ পয়েন্টে টঙ্গী পূর্ব থানাকে হারিয়ে জয় তুলে নেয় টঙ্গী পশ্চিম থানা।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গাছা থানা ও পূবাইল থানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ম্যাচে গাছা থানাকে ১৭-২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে পূবাইল থানা। ফলে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে টঙ্গী পশ্চিম ও পূবাইল থানা।
আয়োজকরা জানান, পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি তরুণদের মাঠমুখী করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিলে মাদক ও অপরাধপ্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি শফিকুল ইসলাম শফিক, এডিসি জিয়াউল হক জিয়া, টঙ্গী সার্কেল খালিদ মাহমুদ আরাফাত, অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান, গাছা থানার ওসি মো. গোলাম রাব্বানী এবং পূবাইল থানার ওসি আতিকুর রহমান।
পুরো খেলায় চমৎকার ধারাভাষ্য দেন আব্দুর রহিম কালা ও হাতেম আলী। আয়োজক কমিটির পক্ষ থেকে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।